গভীর রাতে রাস্তার পাশে নবজাতক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:২১

গভীর রাত। গ্রামীণ পরিবেশে সুনশান নীরবতা। তারই মধ্যে হঠাত্ নবজাতকের উচ্চরবে কান্না। রাস্তার পাশের বাসিন্দা মো. লাভলু মিয়া স্ত্রীসহ কান্নার উত্স খুঁজতে বের হয়ে আসেন রাস্তায়। অবশেষে মোবাইল ফোনের আলোয় দেখা মেলে এক ফুটফুটে মেয়ে নবজাতক। মাটিতে গড়াগড়ি করছিল সে। শরীরে রক্তের দাগ। তখনও পড়েনি নাভি। মুহূর্তেই নবজাতককে কোলে তুলে নেন বাসনা আক্তার। বাড়ি নিয়ে কাপড়ে জড়িয়ে মুখে দেন গাভীর দুধ। পরম মমতায় মাতৃস্নেহে বুকে জড়িয়ে কাটান রাত। এলাকাবাসী নবজাতকের নাম রাখে বিলকিস। হদিস মেলেনি তার পিতামাতার। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুটিয়াজানী গ্রামে।

গতকাল দুপুরে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাব, থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, ওসি তদন্ত মোহাব্বত খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা নবজাতককে লাভলুর বাড়ি থেকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘিওর থানার ওসি বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়ারি করা হয়েছে। শিশুর অভিভাবকদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।