‘নতুন নীতিমালায় পুলিশ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল নিয়োগ অত্যন্ত দক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। পার্শ্ববর্তী বিভিন্ন দেশ এবং উন্নত অনেক দেশের নিয়োগ নীতিমালা পর্যালোচনা করে বাংলাদেশ পুলিশের উপযোগী কনস্টেবল নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর ফলে কনস্টেবল পদে মেধা ও শারীরিক দিক থেকে অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থী নিয়োগ পাবে। অচিরেই পুলিশের
সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদেও নতুন নীতিমালা অনুযায়ী লোক নিয়োগ করা হবে। তিন দিনব্যাপী অপরাধ পর্যালোচনাসভার শেষ দিনে গতকাল মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে সমাপনী বক্তৃতায় এসব কথা বলেন পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ। পুলিশ সদর দপ্তর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আইজিপি বলেন, পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাকে ছাড় দেওয়া হবে না।
পুলিশ প্রধান বলেন, পুলিশ সদস্যদের মাদকের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্ট থাকতে পারবে না। কারো যদি তা থাকে তাহলে তাকে বেরিয়ে আসতে হবে। কোনো পুলিশ সদস্যের মাদক গ্রহণ, মাদক ব্যবসা বা মাদক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক রয়েছে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় পুনরায় ব্যক্ত করেন আইজিপি। বেনজীর আহমেদ বলেন, পুলিশ সদস্য হিসেবে এমন কোনো কাজ করা যাবে না, যাতে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়, দেশের জনগণের ক্ষতি হয়। তিনি বিট পুলিশিংয়ে মাধ্যমে চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ দমনে তত্পর হওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।
