একের পর এক এমপিকে হারাচ্ছি, হূদয় ভারাক্রান্ত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সংসদে আমরা একের পর এক সংসদ সদস্যকে হারাচ্ছি। যখনই সংসদ শুরু করলাম, দুইজনকে হারালাম। সত্যিই হূদয় ভারাক্রান্ত! এই পার্লামেন্টে আমরা এতজন সংসদ সদস্য হারালাম! সেটা সত্যি খুব দুঃখজনক। এরকম করে আমরা আর শোক প্রস্তাব আনতে চাই না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও চলতি একাদশ সংসদে সংরক্ষিত আসনে দলটির সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে গতকাল মঙ্গলবার সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান মাসুদা রশীদ চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলে। এমনকি যারা টিকা নিয়েছেন তাদেরকেও আমি অনুরোধ করব, তারা সুস্থ থাকুন। স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো যেন একটু মেনে চলেন।

দশ দিন বিরতির পর গতকাল বেলা ১১টায় সংসদের মুলতবি বৈঠক         শুরু হলে অধ্যাপিক মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্য মারা গেলে তার জীবনের ওপর আলোচনা হয় সংসদে। পরে তার ওপর আনা শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

শোক প্রস্তাব গ্রহণের আগে আলোচনায় অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, মাসুদা এম রশীদ চৌধুরী বহু গুণ সম্পন্ন একজন মানুষ ছিলেন। তার চলে যাওয়ায় সমাজে একটা বিরাট ক্ষতি হলো। দুর্ভাগ্য হলো, এই সংসদে আমরা একের পর এক সংসদ সদস্যকে হারাচ্ছি।

মাসুদা এম রশীদ চৌধুরীকে একজন মিষ্টভাষী জ্ঞানী মানুষ হিসেবে বর্ণনা করে সংসদনেতা বলেন, বেঁচে থাকলে সমাজে আরও অনেক অবদান রাখতে পারতেন। এই মৃত্যু সমাজের জন্য যথেষ্ঠ ক্ষতিসাধন করল। তার বহুমুখী প্রতিভা নারী সমাজকে সামনে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে, প্রেরণা দেবে, শক্তি যোগাবে। শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের, জাপার এমপি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, মসিউর রহমান রাঙ্গা, শামীম হায়দার পাটোয়ারী ও নাজমা আক্তার; বিএনপির হারুনুর রশীদ; সিমিন হোসেন রিমি, আবদুস সোবহান মিয়া, সৈয়দা জোহরা আলাউদ্দিন, মোসলেম উদ্দিন আহমেদ, ওয়াশিকা আয়শা খান। আলোচনা শেষে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।  মোনাজাত পরিচালনা করেন রাজশাহীর সংসদ সদস্য এনামুল হক। এর আগে আলোচনা শেষে শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় সংসদে। পরে মাসুদা রশীদ চৌধুরীর সম্মানে রেওয়াজ অনুযায়ী সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার।