আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদি মানসিকতার অংশ। বিএনপির শাসনামলে তারাই ফ্যাসিবাদের চর্চা করেছিল। গতকাল মঙ্গলবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে সরকারকে ফ্যাসিবাদি বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, তাহলে দেখতে পাবেন নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছেন এবং তাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদি মানসিকতা।
‘সরকার ব্যর্থতা আড়াল করতে দমন-পীড়ন চালাচ্ছে’ মর্মে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়। গঠনমূলক সমালোচনাকে সরকার সব সময় স্বাগত জানায়। তিনি বলেন, বিএনপি এমন রাজনৈতিক দল, যারা গত ১৩ বছরে সরকারের একটি সফলতাও দেখতে পায়নি, শুধু দেখেছে কথিত ব্যর্থতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, বিআরটি, ২২টি ফ্লাইওভার, ২০টির মতো আন্ডারপাসসহ সারা দেশে উন্নয়নমূলক কাজ তাদের চোখে পড়ে না। এসব উন্নয়ন দেখে আসলে বিএনপির গাত্রদাহ হয় বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
আজকে শতভাগ বিদ্যুত্ সারা দেশে পৌঁছেছে—এটাও বিএনপির বিদ্বেষের কারণ উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, ২ হাজার ২২৭ ডলার মাথাপিছু আয়, এই বিস্ময়কর অগ্রগতি বিএনপির সহ্য হয় না। সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে বিএনপির নেতারা মনের শান্তি ও স্বস্তি খোঁজেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা নিজেদের ব্যর্থতা চিহ্নিত করার কোনো উদ্যোগ বা প্রয়াস চালান না। কর্মী-সমর্থকদের ধাঁধার মধ্যে রেখে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায় বিএনপি।
