বছরে অতি বেশি গরম পড়া দিনের সংখ্যা দ্বিগুণ হয়েছে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:১৬

বিশ্বে প্রতিবছর বাড়ছে অতি বেশি গরম পড়া দিনের সংখ্যা। ১৯৮০ সাল থেকে এখন পর্যন্ত ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিনের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। গ্লোবাল বিবিসির এক বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, অতি বেশি গরম দিন এখন বিশ্বের অনেক জায়গায় দেখা যাচ্ছে, যেসব জায়গায় আগে অনুভূত হয়নি। ফলে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, মানুষের বেঁচে থাকা চ্যালেঞ্জের মুখে পড়ছে। খবরে বলা হয়েছে, ১৯৮০ সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছর বেড়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা ওঠা দিনের সংখ্যা। ১৯৮০ সাল থেকে ২০০৯ সালের মধ্যে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠা দিনের সংখ্যা ছিল ১৪। ২০১০ সাল থেকে ২০১৯ সালে এই দিনের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল চেঞ্জ ইনস্টিটিউটের পরিচালক ড. ফ্রেডেরিক ওট্টো বলেন, এই গরম দিনের সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ জীবাশ্ম জ্বালানি পোড়ানো।

খবরে বলা হয়েছে, এই তীব্র গরম মানব জাতি ও প্রকৃতির জন্য প্রাণঘাতী হতে পারে। এছাড়া ভবন, রাস্তা ও জ্বালানি ব্যবস্থার জন্য সমস্যার কারণ হতে পারে। ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি পড়েছে মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশে। চলতি বছরেই ইতালিতে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং কানাডায় ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছে, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে না পারলে ভবিষ্যতে পৃথিবীর যে কোনো জায়গায় ৫০ ডিগ্রির বেশি তাপমাত্রার দিন দেখা যেতে পারে।