ঘনিষ্ঠরা আক্রান্ত পুতিন সেলফ আইসোলেশনে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:১৮

স্বেচ্ছায় আইসোলেশনে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গেছে, সম্প্রতি পুতিনের সফর সঙ্গীদের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হন। তারপরই আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানা গেছে। আইসোলেশনে থেকেই দৈনিক কাজকর্ম তিনি চালিয়ে যাবেন। তবে আপাতত অন্য কারও সঙ্গে তিনি দেখা করবেন না। গতকাল মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে এই খবর প্রকাশ করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, ৬৮ বছরের রুশ প্রেসিডেন্টের চলতি সপ্তাহে আঞ্চলিক নিরাপত্তা বৈঠকের জন্য তাজিকিস্তান যাওয়ার কথা ছিল। তবে আপাতত সেই       সফর বাতিল করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেবেন পুতিন। গত সোমবার ক্রেমলিনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে দেখা করেছিলেন রুশ প্রেসিডেন্ট। তারপর ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে পুতিন নিজেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেন। সোমবার পুতিন রাশিয়ান প্যারালিম্পিয়ানদের সঙ্গেও দেখা করেন। বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়া পর্যবেক্ষণ করতে সোমবার পশ্চিম রাশিয়াতেও গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ইতিমধ্যেই রাশায়ির প্রেসিডেন্ট পুতিন তার নিজের দেশের তৈরি স্পুটনিক-ভি ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন।