রাজধানীর ধানমন্ডিতে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সজীব (২৬)। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ধানমন্ডির জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য সজীবের লাশ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, নিহত সজীবের বাবার নাম আলহাজ হোসেন। তাদের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। সজীব ঐ ভবনে থেকে কাজ করতেন। সজীবের ভাতিজা দুখু মিয়া জানান, নির্মাণাধীন প্রশাসনিক ভবনটিতে রাজমিস্ত্রির কাজ করতেন সজীব। গতকাল মঙ্গলবার সকালে দশতলা ভবনের আটতলার বাইরের পাশে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন সজীব ও শয়ন। তাদের কোমরে সেফটি বেল্টও বাঁধা ছিল। হঠাত্ মাচানের একপাশের রশি ছিঁড়ে যায়। এতে সজীবের কোমড়ের সেফটি বেল্ট ছিঁড়ে তৃতীয় তলায় পড়ে যায়। এ সময় শয়ন গ্রিল ধরে ঝুলে ছিলেন। পরে সজীবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে জানান। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য সজীবের লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।
