নির্বাচন কমিশন (ইসি) গঠনে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে জি এম কাদের বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও ইসি গঠনে দেশে একটি আইন নেই, এটা অত্যন্ত দুঃখজনক। সংবিধানে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ইসি গঠনে একটি আইন প্রণয়ন করতে হবে। আমরা চাই, সংবিধানের আলোকে আইনের মাধ্যমেই ইসি গঠন হবে; যারা দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে। এতে ইসি গঠনে স্থায়ী সমাধান হবে।
জাপা চেয়ারম্যান বলেন, প্রতি পাঁচ বছর পর রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন। এতে নানাবিধ সমালোচনার সৃষ্টি হয়। আবার দলীয় দৃষ্টিকোণ থেকে কমিশনার নিয়োগ হলে মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হয়। তাই সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও এ বিষয়ে সিভিল সোসাইটির বিশেষজ্ঞদের সঙ্গে অলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্য একটি আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। আবার সংবিধানের নির্দেশনা অনুযায়ী ইসি গঠনে আইন প্রণয়নের বাধ্যবাধকতাও আছে।
