১ হাজার ২০০ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে নিয়োগের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পরীক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ-২০২০ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আলমগীর হোসেন লিখিত বক্তব্যে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মোতাবেক প্রতি একজন চিকিত্সকের বিপরীতে তিন জন নার্স ও পাঁচ জন টেকনোলজিস্ট থাকার নির্দেশনা থাকলেও বাংলাদেশের সরকারি পর্যায়ে ৩০ হাজার ডাক্তারের বিপরীতে মেডিক্যাল টেকনোলজিস্টের সংখ্যা মাত্র ৬ হাজার ৯৩১ জন। যার মধ্যে ৪ হাজার ২৭৪টি পদ পূরণ রয়েছে (হেলথ বুলেটিন-২০১৯)। যেখানে এটি হওয়ার কথা ১ লাখ ৫০ হাজারেরও বেশি। আমরা মেডিক্যাল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন দাবি-দাওয়া কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছি। কিন্তু তাদের নির্লিপ্ততার জন্য আমরা স্তম্ভিত।
রোগী শনাক্তকরণে টেস্টের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এবং কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে জরুরি ভিত্তিতে ১ হাজার ২০০ মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা হয়েছে। এরপর দীর্ঘ সাত মাসের বেশি সময় কেটে গেছে। কিন্তু ঐ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের নিকট বারবার আবেদন জানিয়ে এলেও কোনোরূপ সাড়া শব্দ না পাওয়ায় আমরা সংক্ষুব্ধ। চূড়ান্ত ফলাফল অবিলম্বে প্রকাশের দাবি জানাচ্ছি।
কয়েক শ মেডিক্যাল টেকনোলজিস্ট পরীক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। আন্দোলনকারীরা এ সময় ‘অবিলম্বে নিয়োগ চাই, নিয়োগ চাই’সহ তারা বিভিন্ন স্লোগান দেন। অবিলম্বে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা না হলে মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
