বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির কর্মকৌশল প্রণয়ন ও মাঠপর্যায়ের সংগঠনকে আরো সক্রিয় করার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তিন দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রথম দিনে দলের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমাদের কী করণীয়—সেসব বিষয়ে নেতাদের মতামত নিতে এই বৈঠক ডাকা হয়েছে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আয়োজনে বাধ্য করার কর্মকৌশল ঠিক করার লক্ষ্য অন্যতম।
উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য জানান, ভয়াবহ দুঃসময় পার করছে বিএনপি। এখন আমাদের মূল টার্গেট আন্দোলনের মাধ্যমে দুই দফা দাবি আদায় করা। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছি আন্দোলন ছাড়া বিকল্প কোনো পথ নেই। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আমাদের মূল দাবি। এই দাবি আদায়ে যা যা করা প্রয়োজন তাই করতে হবে।
দলের একজন ভাইস চেয়ারম্যান বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে সেই নির্বাচনে না যাওয়ার জন্য মতামত দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রথম দিনের বৈঠকে ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা মিলে ৬২ জন অংশ নেন। ভাইস চেয়ারম্যানদের মধ্যে শাহজাহান ওমর, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান, মীর নাসির উদ্দিন, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের মধ্যে মনিরুল হক চৌধুরী, মশিউর রহমান, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু প্রমুখ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ধারাবাহিক বৈঠকগুলোতে আজ বুধবার নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক এবং আগামীকাল বৃহস্পতিবার অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
