বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন সেন্টারে ১ হাজার শয্যাবিশিষ্ট’ ‘কোভিড ফিল্ড হাসপাতাল’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে দ্রুততম সময়ে ২০০ শয্যাবিশিষ্ট ‘কোভিড ফিল্ড হাসপাতাল’ স্থাপনের পূর্ত কাজ এবং চিকিত্সা যন্ত্রপাতি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং গণপূর্ত বিভাগ এই কাজ বাস্তবায়ন করবে। গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন। আরো ফিল্ড হাসপাতাল করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমরা চাই না এই মহামারি আমাদের মাঝে আর ফিরে আসুক। তবে আমাদের যদি প্রয়োজন হয় তবে আরো এ ধরনের হাসপাতাল হবে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিনটি প্রস্তাব উপস্থাপন করা হলেও একটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে একটি প্রস্তাব অনুমোদন হয়েছে। ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (১ম ও ২য় শ্রেণি) বাংলা ও ইংরেজি ভার্সনের ৭২টি লটে সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন ২৫টি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৩ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকায় ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৭৩৫ কপি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মাণাধীন ৩ দশমিক ৩২ কি.মি. দীর্ঘ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের কাজে চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানিকে (সিসিসিসি) সার্ভিস-অপারেটর হিসেবে নিয়োগের প্রস্তাব উপস্থাপন করা হলেও এর নীতিগত অনুমোদন দেয়নি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদন না হওয়া প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী কোনো নির্দিষ্ট প্রকল্পের বিষয়ে কিছু বলেনি। তবে অর্থমন্ত্রী বলেন, যেগুলো অনুমোদন হয়নি সেগুলোতে কিছু ব্যত্যয় বা মিসিং লিংক রয়েছে। এগুলো প্রতিপালন করে আসলে পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে।
