সরকারের অনুমোদনহীন সব অনলাইন নিউজ পোর্টাল সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশপ্রাপ্তির পর ঐ সময়ের মধ্যে এসব নিউজ পোর্টাল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে বলা হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। এই নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। আগামী ২৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
অনুমোদনহীন সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন দুই আইনজীবী। এরা হলেন—রাশিদা চৌধুরী নীলু ও জারিন রহমান। গত ৫ মে সংবাদপত্র ও গণমাধ্যমকর্মীদের জন্য নৈতিক আচরণ বিধি প্রণয়নে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিগ্যাল নোটিশ পাঠান।
ঐ নোটিশের জবাব না পেয়ে রিট করেন। সেই রিটের পরিপ্রেক্ষিতে গত ১৬ আগস্ট অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল এবং সাংবাদিকদের জন্য নৈতিক আচরণবিধি প্রণয়নে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং নৈতিক আচরণ বিধি প্রণয়নে যথাযথ আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। এই রুল বিচারাধীন থাকাবস্থায় অনুমোদনহীন অনলাইন সব নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেন তারা। শুনানি শেষে হাইকোর্ট অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধের আদেশ দেন। আদালতে রিটের পক্ষে আবেদনকারীরা নিজেই এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী শুনানি করেন।
আইনজীবী রাশিদা চৌধুরী বলেন, অনুমোদন রয়েছে এমন নিউজ পোর্টালের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতে দাখিল করবেন। তখন জানা যাবে অনুমোদনহীন নিউজ পোর্টালের তালিকাও। তবে একটি পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে জানতে পেরেছি যে নিবন্ধিত নিউজ পোর্টালের সংখ্যা ৯২টি।
