ভিওআইপি ব্যবসায় হাজার টেলিটক সিম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:২৮

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম শফিকুল ইসলাম (৩৫)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র্যাব ও বিটিআরসির যৌথ অভিযানে লালমাটিয়ার জাকির হোসেন রোডের ই-ব্লকের জি-ফাইভ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জামসহ টেলিটকের এক হাজার সিম উদ্ধার করা হয়। র্যাব বলছে, অবৈধ এই ভিওআইপি ব্যবসার মূলহোতা মোহাম্মদ আলী সৌদি আরব প্রবাসী। তিনি সৌদি আরব থেকে ব্যবসা পরিচালনা করতেন।

র্যাবের লিগ্যাল আ্য্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমাটিয়ার ওই বাসায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ওই ফ্লাটের কেয়ারটেকার। তবে উদ্ধার করা সরঞ্জামের মূল মালিক আলী নামের একজন সৌদি প্রবাসী। তিনি প্রবাসে থাকলেও তিনজন কর্মী রেখে ভিওআইপি ব্যবসা পরিচালনা করতেন। তিনজনের মধ্যে দুই জন সার্ভার মেইনটেইন করতেন। তবে তারা এখন পলাতক রয়েছে।