সিদ্ধিরগঞ্জে নারীসহ দুই মানব পাচারকারী গ্রেফতার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নারীসহ দুই মানব পাচারকারী গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি ভূমি পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শেফালী (৫০) ও মামুন (৩৫)।

র‌্যাব জানায়, মানব পাচারকারী চক্রের সদস্য শেফালী বেগম দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জে বিভিন্ন আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে ফ্যামিলি বাসার ছদ্মবেশে পতিতাবৃত্তির ব্যবসা করে আসছে। দেশের বিভিন্ন জেলা থেকে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মাধ্যমে যুবতী মেয়েদের অধিক বেতনে চাকবির প্রলোভন দেখিয়ে নিয়ে এসে জিম্মি করে জোরপূর্বক অসামাজিক (পতিতাবৃত্তি) কাজ করতে বাধ্য করে। তাছাড়া তার অধীনে অনেক যৌনকর্মী ও খদ্দের রয়েছে।

আরো পড়ুন: মনোনয়ন না পেয়ে নিজের ফাঁসি চাইলেন আওয়ামী লীগ নেত্রী

গ্রেফতারকৃত অপর ব্যক্তি মামুন তার একজন নিয়মিত খদ্দের। পরিচয়ের সূত্রে মামুন উদ্ধারকৃত নারীকে (২২) অধিক বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে এসে কমলাপুর এলাকার একটি আবাসিক হোটেলে রাখে। মামুন হোটেল কক্ষে জোরপূর্বক ভিকটিমের শ্লীলতাহানির চেষ্টা করে। পরে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে ১০ হাজার টাকার বিনিময়ে ভিকটিমকে শেফালি বেগমের হাতে তুলে দেয়। শেফালি বেগম ভিকটিমকে তার বাসায় জিম্মি ও মারধর করে নিয়মিত খদ্দেরদের সাথে অসামাজিক কাজে বাধ্য করত। গ্রেফতারকৃত শেফালী ও মামুনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ