ফাহমিদা নবীর ‘তোমার দু’চোখ চেয়ে’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী এরইমধ্যে নতুন চমত্কার একটি গানে কণ্ঠ  দিয়েছেন। গানটির শিরোনাম হলো ‘তোমার দু’চোখ চেয়ে’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন রাজীব ভৌমিক। গানটির কম্পোজিশন করেছেন তানিম আহমেদ।  এরইমধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য গানটির মিউজিক ভিডিওর কাজ শিগগিরই সম্পন্ন হবে বলে জানান ফাহমিদা নবী। গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘গানটির মধ্যে আশির দশকের সিনেমার গানের একটা আবহ আছে। গানের কথা, সুর এবং সর্বোপরি সংগীতায়োজন আমার কাছে সত্যিই ভীষণ ভালো লেগেছে। আশা করা যায় গানটি শ্রোতারা পছন্দ করবেন।’ এদিকে ফাহমিদা নবী এরইমধ্যে চ্যানেল আইতে শুরু হওয়া ‘চ্যানেল আই দ্যা পিয়ানো লাউঞ্জ’-এ সংগীত পরিবেশন করেছেন। ফাহমিদা নবীর পর্বটি প্রচারিত হয়েছে ৯ সেপ্টেম্বর রাত ৮টা ২০ মিনিটে। ফাহমিদা নবী জানান, দ্যা পিয়ানো লাউঞ্জে সংগীত পরিবেশন করে বেশ সাড়া পেয়েছেন। যারা অনুষ্ঠানটি মিস করেছেন তারা চাইলেই ইউটিউবে তার গাওয়া পর্বটি উপভোগ করতে পারবেন। ফাহমিদা নবী এরইমধ্যে ১০ সেপ্টেম্বর রাজধানীর লা-মেরিডিয়ানে একটি স্টেজ শো’তে অংশ নিয়েছেন। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবীর নতুন আরো একটি গান ‘হেরে যাওয়ার গল্প’। গানটি লিখেছেন অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী এবং সুর সংগীত করেছেন সুদীপ্ত শাহীন। গানটি ‘অচিনপুর’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। কিছুদিন আগে ফাহমিদা নবী জামাল হোসেনের ‘মন’ গানটিও গেয়েছেন। এদিকে ফাহমিদা নবী নিজের ইউটিউব চ্যানেল ‘আনমোল প্রোজেক্ট’রও যাত্রা শুরু করেছেন। এই চ্যানেলটিকে ঘিরেও রয়েছে তার বিশেষ ভাবনা। গত বছর অনেকটা সময় তিনি লন্ডনে ছিলেন। সেখানে বসেই তিনি নিজেরই লেখা গান ‘তোমায় একটা গান শোনাবো’র সুর সৃষ্টি করেন। ফাহমিদা নবী জানান, তার সুরে এখন পর্যন্ত গান গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদারসহ এই প্রজন্মের অনেক সংগীতশিল্পী। ‘দূরদেশ’ সিনেমায় ‘ভাইটি আমার তুমি কেঁদো না’  গানটি ফাহমিদা নবীর প্রথম সিনেমায় গাওয়া গান। ‘আহা’ সিনেমায় গান গাওয়ার জন্য প্রথম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।