বুসান চলচ্চিত্র উত্সবে ‘পায়ের তলায় মাটি নাই’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫২

g বিনোদন রিপোর্ট

 

দক্ষিন কোরিয়ার বুসান শহরে প্রতিবছর অনুষ্ঠিত হওয়া এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উত্সব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’।

প্রতিবছরের ন্যায় এবারও উত্সবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অক্টোবরে। কোভিডের কারণে গত বছর উত্সব অনলাইনে অনুষ্ঠিত হলেও এ বছর সিনেমা হলেই উত্সবটি চলবে অক্টোবরের ৬ থেকে ১৫ তারিখ পর্যন্ত।

এ বছর উত্সবটির ২৬ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উত্সবের ইতিহাসে এবারই প্রথম তিনটি বাংলাদেশি ছবি একযোগে দেখানো হবে। উত্সবের ওয়েবসাইটে এ বিষয়টি নিয়ে গুরুত্ব আরোপ করে প্রশংসা করা হয়েছে। এতদিন ধরে বিচ্ছিন্নভাবে বাংলাদেশের ছবি এ উত্সবে প্রদর্শিত হলেও এ বছরই প্রথম তিনটি বাংলাদেশি সিনেমা নির্বাচিত হয়েছে। কান উত্সবে অংশগ্রহণ করা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মারিয়াম নূর, মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ এবং  মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’ এ তিনটি চলচ্চিত্র উত্সবে জায়গা করে নিয়েছে।

‘পায়ের তলায় মাটি নাই’ ছবিটি প্রযোজনা করেছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন এবং সহযোগিতা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও তাহরিমা খান।

চলচ্চিত্রটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিনসহ আরো একঝাঁক প্রতিভাবান শিল্পী ও কলাকুশলী।

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব প্রতিবছর এশিয়ার নতুন চলচ্চিত্রকারদের চলচ্চিত্র নিয়ে এবং পৃথিবীর অন্যান্য দেশের চলচ্চিত্র উত্সবের নামী সব চলচ্চিত্র নিয়ে দক্ষিণ কোরিয়ায় গত ২৬ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। এই চলচ্চিত্র উত্সবটিকে এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উত্সব বলে বিবেচনা করা হয়। দক্ষিন কোরিয়ার মিনিস্ট্রি অব কালচার স্পোর্টস অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতায় ও বুসান সিটি এবং কোরিয়ান ফিল্ম কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হওয়া উত্সবটি এরইমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের ক্যালন্ডারে একটি গুরুত্বপূর্ণ উত্সব হিসেবে জায়গা করে নিয়েছে।

এই গল্পের মূলনায়ক ‘সাইফুল’ নামের একজন সাধারণ মানুষ যাকে তার দুই স্ত্রী, পরিবার, কাজ, নৈতিকতা ও সামাজিকতার নানা দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়।

২৬ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের A Window on Asian Cinema বিভাগে ছবিটি দেখানো হবে ৭, ৮ ও ১৩ অক্টোবর।