পারাবত এক্সপ্রেসের যাত্রাবিরতি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৩

ঢাকা-সিলেট রুটে চলাচলকারী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের যাত্রাবিরতি দেওয়া হোক নরসিংদী রেলস্টেশনে। নরসিংদীর সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অধিকাংশ লোকের কর্মস্থল সিলেট বিভাগে। এছাড়া হবিগঞ্জ ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক ও অন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নরসিংদীর বহু লোক কর্মরত। একইভাবে নরসিংদী শিল্পোন্নত জেলা হওয়ায় সিলেট বিভাগের অনেক মানুষ এই জেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কাজ করেন। পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটে প্রতিদিন সিলেট বিভাগের বহু ব্যবসায়ীর যাতায়াত। আবার সিলেট পর্যটন সমৃদ্ধ অঞ্চল হওয়ায় প্রতিদিন নরসিংদীর হাজার হাজার পর্যটক সিলেট ভ্রমণে যান। সব মিলিয়ে নরসিংদীবাসীর সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আরো আধুনিক ও সহজ হওয়া এখন সময়ের দাবি। বিশেষ করে পারাবত এক্সপ্রেসের সময়সূচি দিনের কাজ দিনে শেষ করে নিজ বাড়িতে ফিরে আসার জন্য অনুকূল। পৃথিবীর সব উন্নত দেশেই রেল যোগাযোগ অত্যাধুনিক ও নাগরিকবান্ধব। বাংলাদেশও পর্যায়ক্রমে সেই পথে হাঁটছে। তাই বাস্তবতার নিরিখে প্রয়োজনীয় সংখ্যক বগি সংযোজন করে নরসিংদী রেলস্টেশনে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের যাত্রাবিরতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

জাকারিয়া স্বাধীন, পলাশ, নরসিংদী