বিবিসি
নরওয়েজীয় সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত দ্বীপপুঞ্জের ঘটনা এটি। একটি-দুটি নয়, কমপক্ষে দেড় হাজার ডলফিন হত্যা করা হয়েছে সমুদ্র উপকূলে। ডলফিনের রক্তে লাল হয়ে গেছে সমুদ্রের পানি। জানাজানি হওয়ার পর ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। ফ্যারো দ্বীপপুঞ্জটি ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চল। এই অঞ্চলে ৫০ থেকে ৬০ হাজারের মতো লোকের বসবাস। ঐতিহ্যবাহী এই দ্বীপরাষ্ট্রে একসময় বাস করত দুঃসাহসী ভাইকিংসদের একটি বিশেষ গোত্র। সেই সময় থেকে অস্তিত্ব রক্ষার নামে এই জনগোষ্ঠীর মধ্যে চলে আসছে সমুদ্র উপকূলে ডলফিন বলিদানের সংস্কৃতি। দীর্ঘদিন ধরে চলে আসা রীতি পালন করতে গিয়ে রবিবারের ঐ নির্বিচারে প্রাণী হত্যার ঘটনাকে পরিবেশবিদরা অপ্রয়োজনীয় ও নৃশংস বলে অভিহিত করেছেন। এ ঘটনার প্রতিবাদে ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ১৯৮০ সাল থেকে ডলফিন হত্যার প্রতিবাদ জানিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে একটি সংগঠন। তাদের অভিযোগ, দ্বীপপুঞ্জটির ইতিহাসে এটি সবচেয়ে বড় ডলফিন হত্যার ঘটনা।
