ফারইস্ট লাইফ ইনসিওরেন্সের এমডিকে অপসারণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

নানা অনিয়মের কারণে ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হেমায়েত উল্লাহকে অপসারণ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গতকাল বুধবার আইডিআরএ পরিচালক মো. শাহ আলম এ নির্দেশ দেন। এ সংক্রান্ত নির্দেশনাটি কোম্পানির চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে কর্তৃপক্ষ।

চিঠিতে বলা হয়েছে, বিমা আইন ২০১০-এর ৫০ ধারা মোতাবেক বিমা পলিসি গ্রাহকের স্বার্থ নিশ্চিত করার জন্য ফারইস্টের ব্যবস্থাপনা পরিচালককে বৃহস্পতিবার (আজ) থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে অপসারণ করা হলো। তবে শর্ত থাকে যে, উক্ত অপসারণ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উল্লাহকে কোম্পানির আর্থিক অনিয়ম ও অন্যান্য অনিয়মের দায় থেকে অব্যাহতি দেবে না। ভবিষ্যতে প্রধান নির্বাহী পদে দায়িত্বকালীন কোনো রকম অনিয়ম উদ্ঘাটিত হলে তার সম্পূর্ণ দায়ভার মোহাম্মদ হেমায়েত উল্লাহর ওপর বর্তাবে। পাশাপাশি কোম্পানির জরুরি ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য বিমা আইন ২০১০-এর ৮০ (৪) মোতাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যাহতির পর নিম্ন পদের কর্মকর্তাকে চলতি দায়িত্ব দিতে বলেছে আইডিআরএ।

একই সঙ্গে বিমা আইন ২০১০ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা ২০১২ অনুসারে আগামী তিন মাসের মধ্যে একজন যোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে অনুমোদনের জন্য নির্দেশ দিয়েছে বিমা নিয়ন্ত্রক সংস্থাটি।

চিঠিতে বলা হয়েছে, অনেক দিন ধরে ফারইস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানির সিইও হেমায়েতউল্লাহ কর্তৃক কোম্পানি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম বিমা পলিসি গ্রাহক ও বিমাকারীর স্বার্থে ক্ষতিকর ও পরিপন্থি কর্মকাণ্ডের তথ্য বিভিন্ন মাধ্যমে আইডিআরএর গোচরীভূত হয়েছে। বিমা গ্রাহকদের অভিযোগ অনিয়মের তথ্য প্রমাণাদিও আইডিআরএর কাছে রয়েছে।

এছাড়া, প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখে এবং মিথ্যা তথ্যসংবলিত তথ্যবিবরণী দাখিলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। একই সঙ্গে তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বলে আইডিআরএর কাছে তথ্য রয়েছে।