বার্সাকে বাস্তবতা দেখাল বায়ার্ন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

লিওনেল মেসি চলে যাওয়ার পর বাজে সময় দেখেনি বার্সেলোনা। লা লিগায় ছুটছে আপন ছন্দে। তারপরও দলের অবস্থান সম্পর্কে একটা শক্ত ধারণা পাচ্ছিলেন না কোচ রোনাল্ড কুম্যানে। সেটা বোঝা যাবে শক্তিশালী দলের বিপক্ষে খেললেই। মেসিহীন বার্সার সেই বাস্তবতা চ্যাম্পিয়নস লিগের শুরুর দিন ভালোভাবেই দেখাল বায়ার্ন মিউনিখ।

ন্যু ক্যাম্পে ৩-০ গোলে হারের পর তাই অজুহাতের কিছুই খুঁজে পাচ্ছেন না বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। চ্যাম্পিয়নস লিগ জয়ে নিজেদের ফেভারিটও না ভেবে তিনি বলেন, ‘তারা আমাদের থেকে ভালো, এটা লুকানোর কিছু নেই। পার্থক্য আছে আমাদের মধ্যে। এটাই বাস্তবতা। আমাদের যেখানে থাকার কথা আমরা সেখানেই আছি। সত্যি বলতে আমরা ফেভারিটদের কাতারে নেই।’

এমন নয় যে, বায়ার্ন দুই মৌসুম আগের সেই বিধ্বংসী রূপে ছিল। অবশ্য ন্যু ক্যাম্পে যাওয়ার সময় সে রকম বার্তা দিয়েই যায় তারা। কিন্তু সেরকমটা হয়নি। তবে বার্সা খেলোয়াড়দের আশাহীন মানসিকতা দেখে মনে হচ্ছিল, যেন ফের ৮-২ গোলে হেরেছে তারা।

লিসবনের সেই ম্যাচে দুই গোল করলেও, এবার নিজেদের মাটিতে গোলমুখে শটই নিতে পারেনি। অপরদিকে অন টার্গেটে থাকা সাতটি শটের তিনটিই গোলে পরিণত করে বায়ার্ন। শুরুটা করেন থমাস মুলার। ৩৫ মিনিটে দূরপাল্লার এক শটে পিছিয়ে দেন চ্যাম্পিয়নস লিগে নিজের প্রিয় প্রতিপক্ষকে। এনিয়ে বার্সার বিপক্ষে ৬ ম্যাচে যে কারোর চেয়ে সর্বোচ্চ সাত গোল করলেন এই ফরোয়ার্ড।

এরপরের গল্প শুধুই রবার্ট লেভানডস্কিকে নিয়ে গাথা। ৫৫ ও ৮৫ মিনিটের দুটো গোলে বার্সাকে একেবারে বিধ্বস্ত করে তুলেন তিনি। একই সঙ্গে টানা গোল করার ধারাবাহিকতাটা নিয়ে গেলেন ১৮ ম্যাচে।

রোনালদোর গোলের পরও ইউনাইটেডের হার

ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় অভিষেক দুর্দান্ত হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। কিন্তু চ্যাম্পিয়নস লিগের শুরুটা হয়েছে হতাশায়। ১৩ মিনিটে এই ফরোয়ার্ডের গোলে শুরুতে এগিয়ে গেলেও সুইজারল্যান্ডের অখ্যাত ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় রেড ডেভিলরা। ৩৫ মিনিটে অ্যারন ওয়ান বিসাকার লাল কার্ডে ১০ জনে পরিণত হওয়ার পরই ব্যাকফুটে চলে যায় ওলে গানার সোলশারের দল। এরপর ৬৬ মিনিটে নিকোলাস এনগামালেউ ও অতিরিক্ত সময়ের জর্দান পেফকের গোলে স্বপ্নের জয় পায় ইয়াং বয়েজ। এই ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৭৭ ম্যাচ খেলা ইকার ক্যাসিয়াসকে ছুঁয়েছেন রোনালদো। 

এদিকে নতুন মৌসুমে জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। রোমেলু লুকাকুর একমাত্র গোলে জেনিতকে ১-০ গোলে হারায় তারা।

একনজরে

      সেভিয়া    ১-১    সালজবুর্গ

ইয়াং বয়েজ    ২-১    ম্যান ইউনাইটেড

          লিল    ০-০    ভলফসবার্গ

  ভিয়ারিয়াল    ২-২    আতালান্তা

       চেলসি    ১-০    জেনিত

      মালমো    ০-৩    জুভেন্তাস

  বার্সেলোনা    ০-৩    বায়ার্ন

      কিয়েভ    ০-০    বেনফিকা