স্পোর্টস রিপোর্টার
চট্টগ্রামে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প চলছে গত ২২ আগস্ট থেকে। ক্যাম্পের অংশ হিসেবে সাধারণত দেশে, বিদেশে সিরিজ খেলে এইচপি দল। এবার বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজ খেলবে এইচপি। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার পর থেকে ম্যাচের বাইরে থাকা টেস্ট দলের ক্রিকেটাররাও মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ‘এ’ দল-এইচপি সিরিজের প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে। আজ ‘এ’ দলের হয়ে খেলবেন না মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। পরে ২৩-২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় চারদিনের ম্যাচ। ৩০ সেপ্টেম্বর ২, ৪ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দুই দল।
