স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী আরোপিত বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। সবকিছুই সচল হয়েছে। এবার ক্লাব ক্রিকেট শুরুর চিন্তা করছে বিসিবি। আগামী নভেম্বরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ দিয়েই মাঠে গড়াবে ক্লাব ক্রিকেট। আগামী বছরের মার্চে হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।
এ বছর টি-২০ হলেও পরের আসর আগের মতোই ওয়ানডে ফরম্যাটে হবে। ক্রিকেটারদের দলবদলে উন্মুক্ত পদ্ধতিই থাকবে, যেখানে ক্রিকেটাররা ক্লাবের সঙ্গে দরকষাকষি করে পারিশ্রমিক ঠিক করতে পারবেন। এছাড়া লিগ শুরুর আগে প্রস্তুতি হিসেবে টি-২০ টুর্নামেন্ট করার পরিকল্পনাও আছে সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। গতকাল মিরপুর স্টেডিয়ামে এসব তথ্য জানিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম।
ক্লাব ক্রিকেটে নিচের স্তরের লিগগুলো করোনার কারণে বন্ধ হয়ে আছে প্রায় দুই বছর। নভেম্বরে এই লিগগুলো দিয়েই শুরু হবে নতুন মৌসুম। গতকাল কাজী ইনাম বলেছেন, ‘আমরা ইতিমধ্যে এটি নিয়ে আলাপ করেছি আমাদের কো-অর্ডিনেটরদের সঙ্গে। আমরা নভেম্বর-ডিসেম্বরে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগের ক্রিকেট চালু করতে চাই।’
ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর প্রিমিয়ার লিগ নিয়ে সিসিডিএমের চেয়ারম্যান বলেছেন, ‘প্রিমিয়ার লিগ যেটা আমাদের ইচ্ছা আমরা মার্চ-এপ্রিলের ভেতর করতে চাই। অবশ্যই ওডিআই ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগটা খেলা হবে।’
দলবদলে উন্মুক্ত পদ্ধতিই বহাল থাকবে আগামী আসরে। কাজী ইনাম বলেছেন, ‘যেহেতু গত বছর এটা ছিল, তাই সামনের বছরও এটা থাকবে।’
এছাড়া ক্লাবগুলোকে নিয়ে টি-২০ টুর্নামেন্ট আয়োজনের ইচ্ছা আছে সিসিডিএমের। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতি হিসেবে খুবই ছোট পরিসরে আমরা টি-২০ একটা টুর্নামেন্ট করতে পারি। সময় থাকলে অবশ্যই সেটা আমরা করব।’
