ফরিদগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস জরাজীর্ণ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

ফরিদগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রি অফিস জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে চরম ঝুঁকির মধ্যে অফিসে কাজ চলছে। সরেজমিনে জানা গেছে, ১৯৬৯ সালে দ্বিতল এ ভবনটি নির্মাণের পর বড় ধরনের কোনো মেরামত কাজ হয়নি। অতি গুরুত্বপূর্ণ রেকর্ডরুমে অল্প বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে। ফলে গুরুত্বপূর্ণ দলিল, নথিপত্রগুলো ভিজে বিনষ্ট হয়ে বেকায়দায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর ও লোকজনকে। কর্মকর্তা-কর্মচারীদের কক্ষগুলোও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সাবরেজিস্ট্রারের কক্ষটির ছাদের পলেস্তারাও উঠে রড বের হয়ে থাকতে দেখা গেছে। তাছাড়া প্রতিনিয়ত খসে পড়ছে পলেস্তারা, কখনো দলিলের ওপর আবার কখনো কর্মকর্তা-কর্মচারীদের মাথায় পড়ছে। যে কোনো মুহূর্তে ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা সাব-রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম বলেন, একাধিকবার জরাজীর্ণ ভবনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চলমান পক্রিয়ার অংশ হিসেবে আমি ও আমার আগের কর্মকর্তারা চিঠি দিয়ে অবহিত করেছি। কিন্তু এ পর্যন্ত নতুন ভবনের  জন্য বরাদ্দ আসেনি। শুধু তাই নয়, চাঁদপুর গণপূর্ত বিভাগকে জীর্ণ ভবনে অফিস কার্যক্রম চালানো ঝুঁকিপূর্ণ বলে লিখিতভাবে জানানোর পরও পরিত্যক্ত ঘোষণা দূরের কথা, পরিদর্শনেও আসেননি কেউ।