রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে রায়পুর উপজেলার তিনটি পেট্রোল পাম্পকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও রায়পুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকালে পৌর শহরের বাস টার্মিনাল ও সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানান, শহরের মেসার্স আলী আকবর, মেসার্স শাহজাহান ও বাসাবাড়ী এলাকার মেসার্স রৌশনারা পাম্পে অভিযানে পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার তেলে ৫৯০ মিলিলিটার কম দেওয়ার বিষয়টি ধরা পড়ে। এসময় তিনিটি প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাররীন চৌধুরী এবং কুমিল্লার বিএসটিআইয়ের পরিদর্শক আনিছুর রহমানের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
