ইবিতে হল না খুলে পরীক্ষা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৩

ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গত ১২ সেপ্টেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা সশরীরে গ্রহণ শুরু করেছে কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীরা আনন্দিত হলেও আবাসিক হল বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে পরীক্ষা দিতে এসে ভোগান্তিতে পড়ছেন তারা। একাধিক শিক্ষার্থী জানান, হল না খুলে পরীক্ষা নেওয়ায় আবাসনের সংকটে বিপাকে পড়েছেন তারা। মেসে অনেক জন গাদাগাদি করে থাকতে হচ্ছে। রয়েছে স্বাস্থ্য ও নিরাপত্তাঝুঁকি। নেই পড়াশোনার পরিবেশ। স্নাতকোত্তরের শিক্ষার্থী সামিয়া বলেন, এমন পরিস্থিতিতে ছাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি। আবাসন ও নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে। কর্তৃপক্ষের উচিত পরীক্ষার্থীদের জন্য অন্তত হল খুলে দেওয়া। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান দৈনিক ইত্তেফাককে বলেন, ‘হল খোলার জন্য আমরা শতভাগ প্রস্তুত রয়েছি। সরকারি নির্দেশনা পেলে যে কোনো মুহূর্তে হল খুলে দেব। এছাড়া কোথাও যদি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে, আমাদের জানালে তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’