কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জের আলীনগর চা-বাগানের ফাঁড়ি বাগান কামারছড়ায় সিএনজিচালক নন্দলাল রবিদাসের (২২) লাঠির আঘাতে তার বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর নন্দলাল রবিদাস পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, তর্কবির্তকের এক পর্যায়ে নন্দলাল রবিদাস লাঠি দিয়ে বাবা শ্যামলালের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে অচেতন অবস্থায় শমশেরনগর চা বাগানে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। আলীনগর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য তাজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
