রূপগঞ্জে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জমি রেজিস্ট্রি!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২২:০৪

রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের মৃত কৃষক ইয়াছিন মিয়ার সাড়ে ৫২ শতাংশ জমি প্রতারক চক্রের সদস্যরা রেজিস্ট্রি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রূপগঞ্জ পূর্ব সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে প্রতারক চক্র জালিয়াতি করে জমি রেজিস্ট্রি করে নেয়। এদিকে এ ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য সন্ত্রাসীরা বাদীপক্ষকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে জানা গেছে, ২০২১ সালের ৩ আগস্ট ভোলাবো ইউনিয়নের চারিতালুক গ্রামের কৃষক ইয়াছিন মিয়ার মৃত্যু হয়। ১০ আগস্ট ভোলাবো ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের ১ নম্বর বইয়ে ইয়াছিনের মৃত্যু তারিখ নিবন্ধন করা হয়। ১২ আগস্ট জালিয়াত চক্র সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে অন্য লোককে ইয়াছিন সাজিয়ে তার মোচারতালুক মৌজার আরএস ২৪১৬ ও ২৮৬২ নম্বর দাগের সাড়ে ৫২ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেয়, যার দলিল নম্বর ৮৩৯৩।

এ ব্যাপারে কৃষক ইয়াছিনের ছেলে ইউছুফ মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ‘খ’ অঞ্চল আমলি আদালতে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় প্রতারক চক্রের সদস্য ও জমির ক্রেতা মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার মীরেরগাঁও গ্রামের সামসুদ্দিনের মেয়ে খালেদা আক্তার, চারিতালুক গ্রামের হামজত আলীর ছেলে আব্দুর রউফ ভুট্টু, মুন্সীগঞ্জ সদরের লইয়াবাড়ী গ্রামের ছবদর আলীর ছেলে সিরাজ মিয়া, নরসিংদীর পলাশ থানার টেকপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে শহিদুল ইসলাম, রূপগঞ্জের চারিতালুক গ্রামের আক্কাস আলীর ছেলে মনির হোসেন ও দলিল লেখক ওসমানকে আসামি করা হয়েছে। এরপর থেকে মামলা তুলে নিতে প্রতারক চক্রের নিয়োজিত সন্ত্রাসীরা ইয়াছিনের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। পুলিশকে জানিয়েও তারা কোনো সুফল পাচ্ছে না।

এ ছাড়া প্রতারক চক্রের সদস্যরা ভোলাবো গ্রামের মহসিন ভুঁইয়ার ৩৯ শতাংশ জমি, দেলোয়ার হোসেন ও আমানউল্লাহর সাড়ে ১৬ শতাংশ জমি নানা কৌশলে আত্মসাতের পাঁয়তারা করছে বলেও অভিযোগ রয়েছে।

রূপগঞ্জ পূর্ব সাবরেজিস্ট্রার মো. মনিরুজ্জামান বলেন, ‘মৃত ব্যক্তির জমি রেজিস্ট্রি করা আইনগত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতারণা ও আত্মসাত্কারীদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।