ক্যাম্পাসে ছাত্রীদের যৌন হয়রানি থেকে রক্ষার অজুহাতে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে ‘সূর্যাস্ত আইন’ জারি করায় নারীপক্ষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। গতকাল এক লিখিত বিবৃতিতে বলা হয়, পত্রিকার মাধ্যমে জানা যায় গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত কয়েক জন বিদেশি ছাত্র এবং প্রশাসনের কিছু পুরুষ কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির একাধিক ছাত্রী। তারা অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রীদের ওপর একাধিক যৌন হয়রানির ঘটনা ঘটছে, কিন্তু এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে কার্যকর ফল পাওয়া যায়নি। ২০০৯ সালে হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ‘অভিযোগ কমিটি’ও গঠিন করা হয়নি। কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেয়ইনি, উপরন্তু ক্যাম্পাসে ‘সূর্যাস্ত আইন’ জারি করেছে! যা নারী শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাগ্রহণ এবং প্রাতিষ্ঠানিক ও সামাজিক বিকাশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। অপরদিকে, অভিযুক্তরা বহালতবিয়তে আছে ও নির্বিঘ্নে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে! এই ন্যক্কারজনক ঘটনা সকল শিক্ষার্থী, শিক্ষক এবং নারীদের জন্য অত্যন্ত ক্ষতির ও অবমাননার।
