২৭ মামলার মাদক ব্যবসায়ী গ্রফতার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২২:১০

রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার এজাহারনামীয় পলাতক মাদক ব্যবসায়ী আরিফ গ্রেফতার হয়েছে।  মঙ্গলবার রাতে নাটোর জেলার বড়াইগ্রাম থানার আটোয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ ব্যাপারে সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান বলেন, গত ২৩ আগস্ট মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকা থেকে মোছা. পারভীন নামীয় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে  মরিচ ও  হলুদের গুঁড়ার প্যাকেটে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামি রঙের হেরোইন জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের প্রকৃত মালিক গ্রেফতারকৃত  মো. আরিফ। এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। উক্ত মামলায় এজাহারভুক্ত পলাতক অভিযুক্ত ছিল আরিফ।  আরিফ  পাইকারি মাদক ব্যবসায়ী।  সে দীর্ঘ দিন যাবত্ রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় ২৭টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।