ছেলেদের জন্য ৪০০ খেলা, মেয়েদের নিয়ে চুপ তালেবান

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৪

সাঁতার থেকে ফুটবল, অশ্বারোহন থেকে ক্রিকেট, আফগনিস্তানে সব খেলাই খেলতে পারবে পুরুষরা। তালেবান জানিয়ে দিয়েছে, পুরুষরা ৪০০-র মতো খেলায় অংশ নিতে পারবেন। কোনো বাধা নেই। কিন্তু মেয়েরা? ডিরেক্টর জেনারেল অফ স্পোর্টস বসির আহমেদ রুস্তুমজাই সংবাদসংস্থা এএফপিকে বলেছেন, মেয়েদের খেলার ব্যাপারে আমাকে দয়া করে প্রশ্ন জিজ্ঞাসা করবেন না। তিনি নিজে আগে আফগানিস্তানের কুংফু ও কুস্তি চ্যাম্পিয়ন ছিলেন। কিন্তু মেয়েদের খেলা নিয়ে তিনি চুপ থাকাই শ্রেয় মনে করেছেন। এ ব্যাপারে যাবতীয় প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন। খবর ডয়চেভেলের

ছেলেদের খেলায় বাধা নেই

রুস্তুমজাই বলেছেন, ছেলেদের খেলার ক্ষেত্রে কোনো বাধা নেই।  তারা যে কোনো খেলাতেই অংশ নিতে পারে। আমরা কোনো খেলাকেই নিষিদ্ধ ঘোষণা করব না। যদি না সেটা শরিয়া আইনের বিরোধী হয়। আমরা ৪০০ ধরনের খেলাধুলা অনুমোদন করি। তিনি জানিয়েছেন, ফুটবলারদের বা থাই বক্সিং যারা করবেন, তাদের একটু বড় ঝুলের শর্টস পরলেই হবে। শর্টস হাঁটুর নিচে পর্যন্ত থাকলেই হলো। এদিকে আফগানিস্তানের মেয়েদের ফুটবল টিম পাকিস্তানে অবস্থান নিয়েছে। তালেবান ক্ষমতা নেওয়ার এক মাসের মাথায় অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল পাকিস্তানের লাহোরে চলে গেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও এই তথ্য নিশ্চিত করেছেন।