ভবানীপুর আসনে উপনির্বাচন

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোভিড বিধি ভঙ্গের অভিযোগে নোটিশ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৬

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। এই আসনের উপনির্বাচনে লড়ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার বিরুদ্ধে লড়ছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ইতিমধ্যে মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তুলেছে বিজেপি। মমতার মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছে দলটি। অন্যদিকে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কার বিরুদ্ধে প্রচারণায় কোভিড বিধি ভঙ্গের অভিযোগে নোটিশ পাঠিয়েছেন রিটার্নিং অফিসার। এই নোটিশের জবাব দেওয়ার জন্য তাকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়। হিন্দুস্তান টাইমসের বাংলা অনলাইনের এক খবরে বলা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সোমবার মনোনয়নপত্র জমা দেন প্রিয়ঙ্কা। এলগিন রোডের গোলবাড়ি মন্দিরে পুজো দিয়ে ঢাকঢোল পিটিয়ে, ধুনুচি নাচ নেচে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেন। নিয়ম অনুযায়ী, প্রার্থীর সঙ্গে ৫০ জনের বেশি মানুষ থাকতে পারবে না। প্রিয়ঙ্কা সেই বিধি ভেঙেছেন বলে অভিযোগ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই রিটার্নিং অফিসার এই নোটিশ জারি করেন।

বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কার নির্বাচনি এজেন্ট সজল ঘোষ বলেন, ‘কমিশন জানতে চেয়েছে আমরা কোভিড বিধি মেনেছি কি না। আমরা কমিশনকে জবাব দেব। আমরা কোভিড বিধি বজায় রেখেছিলাম। কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে কেউ শুভেচ্ছা জানাতে এলে এর দায় কার?’

এদিকে মমতা ব্যানার্জির পক্ষে শনিবার থেকে প্রচারণায় নামছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জি। করোনার কারণে এবারের উপনির্বাচনে বড় সমাবেশ, বড় মিছিল বা কোনো রোড শো করা যাবে না।  তাই তৃণমূল নেতৃত্ব ছোট ছোট ঘরোয়া বৈঠক করে মমতার হয়ে ভোট চাওয়ার কৌশল নিয়েছে। সেই কৌশল অনুযায়ী প্রচারণা চালাবেন অভিষেক।