মাথাপিছু বৈদেশিক ঋণ ২৫ হাজার টাকা :অর্থমন্ত্রী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:১০

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদকে জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৯২ দশমিক ১১ মার্কিন ডলার বা ২৪ হাজার ৮৩০ টাকা (১ ডলারে ৮৫ টাকা ধরে)। গতকাল বুধবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী জানান, বর্তমানে বৈদেশিক ঋণের স্থিতি (এ বছরের ৩০ জুন পর্যন্ত) ৪ হাজার ৯৪৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে মোট জনসংখ্যা ১৬৯ দশমিক ৩১ মিলিয়ন বা ১৬ কোটি ৯৩ লাখ। এই হিসাবে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৯২ দশমিক ১১ মার্কিন ডলার। একই প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানান,    বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ বা সংস্থার সঙ্গে গত ৩০ জুন পর্যন্ত ঋণচুক্তির পরিমাণ ৯ হাজার ৫৯০ কোটি ৮৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ৫ হাজার ৯৪৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ছাড় হয়েছে। ছাড়ের অপেক্ষায় আছে ৪ হাজার ৬৪৫ কোটি ৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। অর্থমন্ত্রী আরো জানান, বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ বা সংস্থার সঙ্গে ঋণচুক্তির মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে রয়েছে ২ হাজার ৪৭২ কোটি ৪০ লাখ, এডিবির সঙ্গে রয়েছে ১ হাজার ৭৩২ কোটি ৬৭ লাখ ও জাপানের সঙ্গে ১ হাজার ৯১৭ কোটি ৫৪ লাখ ডলারের চুক্তি। এছাড়া রাশিয়ার সঙ্গে ১ হাজার ১৫২ কোটি ৭৩ লাখ, চীনের সঙ্গে ৮০৩ কোটি ৫৫ লাখ, ভারতের সঙ্গে ৭২৭ কোটি ৮৫ লাখ, দক্ষিণ  কোরিয়ার সঙ্গে ৯৬ কোটি ৯৭ লাখ, আইডিবির সঙ্গে ১০৬ কোটি ২৭ লাখ এবং এআইআইবির সঙ্গে ২০৬ কোটি ৯০ লাখ ডলারের চুক্তি রয়েছে।