লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে নৌবাহিনীর ৭৫ জন সদস্যের একটি দল গতকাল বুধবার চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নৌসদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১২) এর আওতায় লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ এ যোগদান করবেন।
চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক লেবাননগামী নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর ৩৫ জন নৌসদস্যের অন্য একটি দল লেবানন গমন করে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১০ সাল হতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত। বর্তমানে নিয়োজিত ‘সংগ্রাম’ যুদ্ধজাহাজ লেবাননের ভূখণ্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। —আইএসপিআর
