ভ্যাকসিনের স্বত্বাধিকার আইন

জার্মান চ্যান্সেলর প্রার্থীদের প্রতি সাবেক রাষ্ট্রনেতা ও নোবেল বিজয়ীদের আবেদন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:১৮

বিশ্বের ১৪০ জনের বেশি সাবেক সরকার ও রাষ্ট্রপ্রধান এবং নোবেল বিজয়ী জার্মানির আসন্ন জাতীয় নির্বাচনে চ্যান্সেলর প্রার্থীদের কাছে কোভিড-১৯ ভ্যাকসিনের ওপর আরোপিত বুদ্ধিবৃত্তিক স্বত্বাধিকার আইন সাময়িকভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিন প্রার্থী অ্যানালেনা বেরবক, ওলাফ শল্জ ও আরমিন ল্যাসেটের কাছে তাদের আবেদন—তারা যেন নিজেদেরকে কোভিড ভ্যাকসিনের বুদ্ধিবৃত্তিক স্বত্বাধিকার রদ ও ভ্যাকসিন প্রযুক্তি উন্মুক্ত করে দেওয়ার পক্ষে থাকার ঘোষণা দেন এবং ভবিষ্যত্ সরকারের নীতি হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে—সেটা এখনই জানিয়ে দেন।

এ সংক্রান্ত চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এবং নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর জোসেফ স্টিগলিত্জ, প্রফেসর ফ্রাঁসোয়া বাররে সিনোসি, প্রফেসর মুহাম্মদ ইউনূস ও এলফ্রিডে জেলিনেক।

এই চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, সফলতম ভ্যাকসিন প্রযুক্তি দিয়ে পৃথিবীর সর্বত্র উত্পাদন করে গুটিকয়েক ওষুধ কোম্পানির একচেটিয়া কর্তৃত্বের অবসান ঘটানোর মাধ্যমে এই প্রযুক্তি সব জাতির কাছে উন্মুক্ত করে দিয়ে এই মহামারির অবসান ঘটাতে সাহায্য করার ক্ষমতা এখন একমাত্র জার্মানির হাতে। গতকাল বুধবার ঢাকায় ইউনূস সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।