করোনা মহামারির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার ৫৬৬ দিন পর আগামী ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে। ৫ অক্টোবর হল খোলা হলে ঐদিন সকাল ৮টা থেকেই টিকা গ্রহণের কার্ড দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।
এর আগে আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয় সেমিনার লাইব্রেরিসমূহ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। গতকালের সভার সুপারিশের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির জানান, স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তরের যেসব শিক্ষার্থী করোনা ভাইরাসের অন্তত এক ডোজ টিকা নিয়েছেন এবং যাদের কাছে হলে থাকার বৈধ কাগজপত্র রয়েছে কেবল তারাই হলে উঠতে পারবেন। এর বাইরে কাউকে হলে থাকতে দেওয়া হবে না। পরবর্তী সময়ে রোডম্যাপ অনুযায়ী অন্য বর্ষের শিক্ষার্থীদের হলে তোলা হবে। আর টিকা গ্রহণের কার্ড দেখানো সাপেক্ষে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার ও বিভাগীয় সেমিনার লাইব্রেরিসমূহ শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
এখনো যেসব শিক্ষার্থী টিকা নিতে পারেননি তাদের বিষয়ে তিনি বলেন, যেসব শিক্ষার্থী টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন কিন্তু টিকা গ্রহণ করতে পারেননি তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে টিকা কেন্দ্র স্থাপনের জন্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
