মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০০:২২

দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত একদিনে ৫১ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৯০১ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনে। আর মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৮ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪ জন নতুন রোগী শনাক্ত এবং ৩৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল। সে হিসেবে গত এক দিনে শনাক্ত রোগী কমলেও মৃত্যু বেড়েছে। 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৪ শতাংশ, যা আগের দিন ৬ দশমিক ৫৪ শতাংশ ছিল। গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৩১৮ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের ৭০ শতাংশ। সরকারি হিসাবে, দেশে কোভিড আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৭৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন সেরে উঠলেন।

দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৪৩৬ জন আর নারী ৯ হাজার ৬২২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫১ জনের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রাম বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের চার জন, খুলনা ও সিলেট বিভাগের পাঁচ জন করে, আর বরিশাল ও ময়মনসিংহ বিভাগের আছেন তিন জন করে।