ওমর সানী-মৌসুমী জুটির সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয় মিশা সওদাগর-জায়েদ খানের। একে একে প্রকাশ্যে আসে তাদের মতবিরোধ। তবে এবার সব ভুলে একই ফ্রেমে বন্দি হলেন তারা। নতুন একটি ছবিতে একসঙ্গে কাজ করছেন সানি, মৌসুমী ও জায়েদ। গত ১৫ সেপ্টেম্বর থেকে ‘সোনার চর’ শিরোনামের এই ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিটি নির্মাণ করছেন নির্মাতা জাহিদ হোসেন। ছবিটিতে নায়িকার বোনের ভূমিকায় দেখা যাবে মৌসুমীকে এবং নবাগত এক নায়িকার বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান।
একসঙ্গে অভিনয় প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘দীর্ঘদিন ধরে পরিচালক জাহিদ ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। একদিন পরিচালক সানী ভাইকে ফোনে ধরিয়ে দেন। আমরা ছবিটির গল্প, অভিনয়সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। এ সময় সানী ভাই, মৌসুমী আপা আমাকে কিছু পরামর্শ দেন। তাদের সঙ্গে পর্দা শেয়ার করার ইচ্ছে ছিল। আশা করি, আমাদের সবার অংশগ্রহণে দারুণ একটি ছবি হবে এটি।’
জানা গেছে, হোতাপাড়ায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছবিটির শুটিং চলবে। এছাড়া কিছু অংশের দৃশ্যধারণ হবে পটুয়াখালীর সোনার চরে। ছবিটিতে আরো অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।
