মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার প্রত্যন্ত এলাকার জেলেদের মধ্যে জীবন রক্ষাকারী উপকরণ হিসেবে লাইফ জ্যাকেট, লাইফবয়, রেডিও, টর্চ লাইট ও রেইনকোট বিতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার মংলায় কোস্ট গার্ড পশ্চিম জোনের দপ্তরে মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী প্রান্তিক জেলেদের কাছে এসব জীবন রক্ষাকারী সামগ্রী বিতরণ করেন।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মত্স্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দুস্থদের মধ্যে নিয়মিত সাহায্য-সহযোগিতা করে আসছে। অনুষ্ঠানে কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান সিরাজসহ কোস্ট গার্ডের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
