দেলদুয়ারে স্বামীর হাতে অন্তঃসত্ত্বা স্ত্রী খুন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮

দেলদুয়ারে স্বামীর হাতে খুন হয়েছেন অন্তঃসত্ত্বা এক নারী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার এলাসিন ইউনিয়নের নয়াচর গ্রামে। নিহতের নাম দীপালি দাস (২৩)। এ ঘটনায় রাতেই নিহতের স্বামী রামু চন্দ্র মনি দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

দীপালির বাবার বাড়ি কালীহাতি উপজেলার সালেঙ্গা গ্রামে। নিহতের বাবা দুলু চন্দ্র দাস জানান, প্রায় পাঁচ বছর আগে নয়াচর গ্রামের রামু চন্দ্র দাসের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। তাদের ঘরে চার বছর বয়সি একটি মেয়ে আছে। বর্তমানে দীপালি দুই মাসের অন্তঃসত্ত্বা। তিনি অভিযোগ করেন, পারিবারিক কলহের কারণে দীপালিকে তার স্বামী মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। 

এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের কারণে দীপালিকে তার স্বামী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দীপালির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার স্বামী রামু চন্দ্র মনি দাস পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়েছে।