সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০২১-২২ অর্থ বছরের ৮৩৯ কোটি ২০ লাখ ৭৬ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এটি সিলেট সিটির ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ বাজেট। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি কনভেনশন হলে বাজেট ঘোষণাকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই বাজেট ‘নতুন সিলেট’ গড়ার স্বপ্ন। সংবাদ সম্মেলনে সিলেটকে একটি আধুনিক, স্মার্ট ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে মেয়র আরিফ সবার সহযোগিতা কামনা করেন। ঘোষিত নতুন বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান দেখানো হয়েছে।
২০২০-২১ অর্থবছরে বাজেটের আকার ছিল ৭৪৩ কোটি ৫৫ লাখ ৯৩ হাজার টাকা। করোনা মহামারির কারণে গেল বছর ভার্চুয়াল মাধ্যমে এই বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা বীরের জাতি। আমাদের লড়াকু মনোভাবকে সঙ্গী করে সিলেটের সকল মানুষের সহযোগিতায় করোনা মোকাবিলা করে এবং শত ঝুঁকি উপেক্ষা করে সিলেটের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
বাজেটে রাজস্ব খাতে অবকাঠামোগত উন্নয়ন ব্যয় বাবদ ২৮ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তন্মধ্যে রাস্তা নির্মাণ, রাস্তা মেরামত বা সংস্কার, ব্রিজ বা কালভার্ট নির্মাণ, মেরামত, সংস্কার, ড্রেন নির্মাণ বা মেরামত, সরঞ্জাম যন্ত্রপাতি ও সম্পদ ক্রয়, সিটি করপোরেশনের ভবন নির্মাণ বা মেরামত, সিটি করপোরেশনের নিজস্ব স্টাফ কোয়ার্টার নির্মাণ ও সংস্কার, ঢাকায় সিটি করপোরেশনের নিজস্ব লিয়াজোঁ অফিসের জন্য ফ্ল্যাট ক্রয়, কসাইখানা নির্মাণ বা ময়লা আবর্জনা ফেলার জায়গা উন্নয়ন, সিটি করপোরেশনের যানবাহন রক্ষায় গ্যারেজ নির্মাণ ইত্যাদি।
