বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। একুশে পদক পাওয়ার পর আবারো সুখবর পেলেন তিনি। এবার তিনি ঢাকা আসন থেকে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য সম্প্রতি ৪১ জন প্রার্থীকে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় চূড়ান্ত করা হয়। চূড়ান্ত তালিকায় রয়েছেন দেশের এই গুণী অভিনেত্রী। রাষ্ট্রীয় এই দায়িত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। এমন গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আমাকে যোগ্য মনে করার জন্য। আমি চেষ্টা করবো আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে। আমি চাই প্রধানমন্ত্রী আমাকে দিকনির্দেশনা দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তিনি যেভাবে দিকনির্দেশনা দেবেন আমি সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। আমাকে যখন যে কাজই দেওয়া হয়েছে আমি শতভাগ দায়িত্ব নিয়ে করার চেষ্টা করেছি। এক্ষেত্রেও আমার দায়িত্ব শতভাগই পালন করার চেষ্টা করবো। সফলতার সঙ্গে কাজ করার চেষ্টা থাকবে আমার।’ তিনি আরো জানান, নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের যে সুবর্ণ সময় ছিল তা উত্তরণের জন্য কাজ করবেন। তবে যদি তার ওপর সেই সংশ্লিষ্ট দায়িত্ব দেওয়া হয় তবেই তিনি তা করতে শতভাগ চেষ্টায় নিয়োজিত থাকবেন।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি সুবর্ণা মুস্তাফার হাতে একুশে পদক তুলে দেওয়া হবে।
