আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ত্রাস সৃষ্টি ও জনমনে ভীতি সঞ্চার করায় মেজবাহ উদ্দিন সরকার ওরফে রুবেল নামে এক জনকে গ্রেফতার করেছে র্যাব-১। বুধবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকার ১২/এ সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি, একটি পিস্তল বক্স, দুইটি পিস্তল কভার, পিস্তলের একটি লাইসেন্স ও দুইটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১-এর অপারেশন অফিসার এএসপি নোমান আহমদ।
তিনি জানান, ভার্চুয়াল জগতে নজরদারির ধারাবাহিকতায় র্যাব-১ সাইবার মনিটরিং টিম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সন্দেহমূলক আইডি শনাক্ত করে। ঐ আইডিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির কিছু স্থিরচিত্র দেখা যায়। এরই পরিপ্রেক্ষিতে মেজবাহ উদ্দিন সরকারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, মেজবাহ উদ্দিন সরকার তার দেহরক্ষী পলাতক ফারুকসহ অজ্ঞাতনামা আরো দুই জনকে নিয়ে উত্তরা পশ্চিম থানা, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে থাকেন। আধিপত্য বিস্তারের জন্যই অস্ত্র প্রদর্শনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। তিনি অসত্ উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্রসহ তিন জন দেহরক্ষী নিয়োগ দেন।
