সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে কাঁচপুর হাইওয়ে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচ শতাধিক দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ এ অভিযান চালায়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, স্থানীয় একটি মহল হাইওয়ে সড়কের জায়গা দখল করে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট গড়ে তোলে। এতে পথচারীদের চলাচলে অসুবিধা ও যানজটের সৃষ্টি হয়। কয়েক দিন আগে থেকেই নিজ দায়িত্বে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়। কিন্তু দখলদাররা সরে না যাওয়ায় জনস্বার্থে উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের পাশে কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না। যদি কেউ সে চেষ্টা করে প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের টিআই মশিউর রহমান, ফারুক, মেহেদী হাসানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
