আড়াইহাজারে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে জখম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:১৪

আড়াইহাজারে ঋণের টাকা চাওয়ায় বেদম মারধরের শিকার হয়েছেন এনআরবিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজার মো. মনিরুল ইসলাম। বুধবার রাতে উপজেলার লাসারদী দিঘীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের আঘাতে মনিরুল ইসলামের এক চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

অভিযোগে মনিরুল ইসলাম জানান, দুবাই প্লাজার জাকির খান কম্পিউটার ট্রেনিং সেন্টারের মালিক জাকির খান এক বছর আগে এনআরবিসি ব্যাংক, আড়াইহাজার উপজেলা শাখা থেকে ৩ লাখ টাকা ঋণ নেন। তার জামিনদার খাগকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুলের  মা তাছলিমা আক্তার ও ভাই সজিবুল ইসলাম। প্রাথমিকভাবে ঋণের কিস্তি পরিশোধ করে আসছিলেন তাছলিমা আক্তার ও সজিবুল ইসলাম। কিন্তু হঠাত্ করে তারা কিস্তি দেওয়া বন্ধ করে দেন। একপর্যায়ে চার-পাঁচ মাসের কিস্তি অপরিশোধ থাকায় গত বুধবার  দুবাই প্লাজায় জাকির খানের কাছে যান এনআরবিসি ব্যাংকের ম্যানেজার কচি শিকদার, ক্রেডিট অফিসার আজহারুল হক ও মনিরুল ইসলাম। জাকির খানের কাছে বকেয়া ও চলতি কিস্তির টাকা চাইলে ব্যাংকের তিন কর্মকর্তার ওপর চড়াও হন তিনি। এ সময় তার পক্ষ নিয়ে তাছলিমা আক্তার তাদের মারতে উদ্যত হন। পরে ব্যাংকে ফিরে যান কর্মকর্তারা।

অভিযোগে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে মনিরুল ইসলামের বাসা থেকে ডেকে বাইরে  নিয়ে তার ওপর চেয়ারম্যান আরিফুলের ভাই সজিবুল ইসলামের নেতৃত্বে সাত-আট জন দুর্বৃত্ত হকিস্টিক, লোহার রড ও ধারালো ছোরা নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি মারধর করে ৫৫ হাজার টাকা ও আট আনা ওজনের সোনার চেন ছিনিয়ে নেয়। এ সময় মনিরুল ইসলামের স্ত্রী আয়েশা বানু এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে মনিরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে সেখান থেকে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে ডেপুটি ম্যানেজার মনিরুল ইসলাম বাদী হয়ে সজিবুল ইসলাম ওরফে সজিব ও তার মা তাছলিমা আক্তার, জাকির খান, মুজাহিদসহ সাত-আট জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।