খুলনা অফিস
খুলনায় মো. শামীম নামের এক ইজিবাইক গ্যারেজের ম্যানেজারের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর লবণচরা থানার মোহাম্মাদনগর বাবলু সড়কের ইজিবাইকের গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শামীম লবণচরা থানার দারোগার ভিটা এলাকার শান্তিনগরের মো. মুজিবুর রহমান মোড়লের ছেলে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শামীমকে শ্বাসরোধে হত্যা করেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
