ইত্তেফাক ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সংবাদদাতা ও প্রতিনিধির পাঠানো খবর:
কালিয়া (নড়াইল) :কালিয়ার বড়দিয়া এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে ইউপি চেয়ারম্যানসহ দুই জন মারা গেছেন। গত বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খান রাসেল সুইট উপজেলার খাশিয়াল ইউপির চেয়ারম্যান এবং তার সহযোগী শওকত বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের নাইটগার্ড ছিলেন। কালিয়া এলাকার পাটনা গ্রাম থেকে বড়দিয়ায় আসছিলেন ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট। ডুমুরিয়া নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুন বলেন, প্রাইভেট কার পানিতে পড়েই ইউপি চেয়ারম্যান ও সহযোগী আরেকজন মারা গেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহীম আলী (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাটকালুগঞ্জে ইমরান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম আলী ঐ ট্রাকচালকের সহকারী হিসেবে কর্মরত ছিল। পুলিশ ট্রাকচালক সাইদুল ইসলাম মোমিনকে আটক করেছে। মালবোঝাই ট্রাকটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যাচ্ছিল। চালক রাতে ইমরান ফিলিং স্টেশনের সামনে গাড়িটি পার্কিং করে। এরপর চালক ট্রাকের ভেতরে আর সহকারী ইব্রাহীম আলী ট্রাকের নিচে পাটি বিছিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে চালক ট্রাকটি চালু করে সামনে টান দিলে ইব্রাহীম ঘুমন্ত অবস্থায় চাকার নিচে পিষ্ট হয়। চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) হাদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
