নান্দাইলে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইলের রাজগাতি ইউনিয়নের পূর্ব দরিল্লা গ্রামে বিরোধপূর্ণ জমি নিয়ে সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশরাফুল ঐ গ্রামের মো. আমীর হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, ঐ গ্রামের মো. শাহিন ও আশরাফুল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে আশরাফুল ও তার ভাই এরশাদুল বিরোধপূর্ণ জমিতে চাষ করতে যান। এতে বাধা দেন প্রতিপক্ষ শাহিন ও তার লোকজন। দুপুরের দিকে এ নিয়ে সংঘর্ষ বাধলে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত আশরাফুল ও এরশাদুলকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় সন্ধ্যার দিকে আশরাফুলের মৃত্যু হয়। নান্দাইল থানার ওসি (তদন্ত) মো. উবায়দুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে  মামলা দায়েরর প্রস্তুতি চলছে।