সখীপুরে যুক্ত হলো নতুন দুইটি ইউনিয়ন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে সখীপুর উপজেলায় নতুন দুইটি ইউনিয়ন যুক্ত হয়েছে। ৫ নম্বর হাতিবান্ধা ইউনিয়ন ভাগ করে ৯ নম্বর হতেয়া রাজাবাড়ী এবং ৬ নম্বর কালিয়া ইউনিয়ন ভাগ করে ১০ নম্বর বড়চওনা ইউনিয়নের নাম প্রকাশ করে গেজেট করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৯ সেপ্টেম্বর গেজেটটি প্রকাশ করা হয়। নতুন ইউনিয়নের মধ্যে আটটি গ্রাম নিয়ে বড়চওনা এবং ছয়টি গ্রাম নিয়ে হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন গঠন করা হয়েছে। এ নিয়ে বর্তমানে ঐ উপজেলায় ইউনিয়নের সংখ্যা হলো ১০টি। ২০০৯ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার নির্দেশনা মোতাবেক, জনসংখ্যা বৃদ্ধির কারণ এবং প্রশাসনিক কাজের সুবিধার্থে বড় দুটি ইউনিয়নকে ভাগ করে চারটি ইউনিয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে হাতিবান্ধা ইউনিয়নকে ভাগ করে হাতিবান্ধা ও হতেয়া রাজাবাড়ী এবং কালিয়া ইউনিয়নকে ভাগ করে কালিয়া ও বড়চওনা ইউনিয়ন গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, ইউনিয়ন বিভক্তির প্রকাশিত গেজেটটি হাতে পেয়েছি। আশা করি, এ উপজেলায় নতুন দুটি ইউনিয়ন হওয়ায় তৃণমূল মানুষের কাছে সেবা পৌঁছে যাবে।