চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরের বিপনীভাগ বাজার এলাকা থেকে নারায়ণ ঘোষ (৬০) নামের এক মিষ্টান্ন ব্যবসায়ীর বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিপনীবাগ বাজারের মেসার্স শরীফ স্টিল ওয়ার্কশপের কারখানার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশের সেলুন থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে মডেল থানার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত নারায়ণ ঘোষ শহরের ঘোষপাড়ার বাসিন্দা মৃত যোগলকৃষ্ণা ঘোষের ছেলে। নিহতের ছোট ছেলে রাজু ঘোষ বলেন, নারায়ণ ঘোষ বহুকাল ধরে পাইকারিতে দধি, মিষ্টি বিক্রি করেন। গত বুধবার সন্ধ্যায় তিনি টাকা কালেকশন করতে বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সকালে তার বস্তাবন্দি লাশের খবর পাওয়া যায়। ঘটনার রাতে তার সঙ্গে বাজার থেকে কালেকশন করা টাকা এবং হাতে একটি স্বর্ণের আংটি ছিল। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। বিষয়টি অধিকতর তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করা হবে।
