কিশোরগঞ্জে বালু লুটের দায়ে জেল-জরিমানা
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা ইজারা ছাড়াই চাঁড়ালকাটা নদীর স্তূপকৃত বালু লুট করে নিয়ে যাওয়ার সময় সোহাগ হোসেন নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও শ্যামল চন্দ্র নামে অপর ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি গ্রামে অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা বেগম জানান, চাঁড়ালকাটা নদীর খননকৃত স্তূপকৃত সরকারি বালু লুট করে নিয়ে যাওয়ার সময় এক জনকে ১ লাখ টাকা জরিমানা এবং অপর এক জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বালু লুটের মূল হোতাকে শনাক্ত করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
চাটখিল চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতাল সিলগালা
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা চাটখিল পৌর শহরের খিলপাড়া রোডের চাটখিল চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার। বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালটি পরিদর্শনে এসে প্রয়োজনীয় ডাক্তার, নার্স, টেকনেশিয়ান না থাকায় এবং বিভিন্ন অনিয়ম পেয়ে হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। এই ব্যাপারে সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার বলেন, হাসপাতালটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না থাকাসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়েছে।
কুড়িগ্রামে বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে অসময়ের বন্যায় রোপা আমন ও শাকসবজির খেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হক জানান, কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় বন্যায় রোপা আমন, সবজি ও বীজতলা তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। নদনদীর পানি নেমে যাওয়ায় কৃষকরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
ইউপি নির্বাচন :মোরেলগঞ্জে আওয়ামী লীগের ১৭ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে আসন্ন নির্বাচনে ১৪ ইউনিয়ন পরিষদের ১৭ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে বুধবার সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক জেলা নেতৃবৃন্দের নির্দেশনায় এসব বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার আদেশের চিঠি প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দিন বলেন, নৌকার বিরুদ্ধে অবস্থানকারী কেউ আওয়ামী লীগ করতে পারবে না। নির্বাচনের পূর্বে যদি বিদ্রোহীরা দলীয় প্রার্থীর মঞ্চে ওঠে তাহলে তাদেরকে দলে থাকার সুযোগ দেওয়া হতে পারে। অন্যথায় তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ভোটকেন্দ্রে নিয়োজিত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের আয়োজনে তালা উপজেলা পরিষদ হলরুমে কর্মশালা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান।
আইনশৃঙ্খলা ও উপজেলা সমন্বয় সভা
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সভা দুইটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম মোর্শেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস প্রমুখ।
তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাঞ্ছারামপুর উপজেলা বিআরডিবি হলরুমে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান খাদ্য উত্পাদন ও বাজারজাতকরণ কর্মসূচির সুফলভোগীদের এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ছৈয়দা শমসাদ বেগম, উপপরিচালক হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসেন প্রমুখ প্রশিক্ষণ প্রদান করেন।
কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার ১৭০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি চত্বরে বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও পরিমল কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল প্রমুখ।
